কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পৃথক বার্তায় শোক জানান তাঁরা।
শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাঁরা দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে, ভৈরবে ট্রেন দুর্ঘটনাজনিত হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরববাজার স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্দুর গোধুলী ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারোসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেন আঘাত করে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত যাত্রীদের উদ্ধারে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ যাত্রীর নিহতের তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসা দেওয়া হচ্ছে ৭৫ যাত্রীকে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।





