শিশুদের সার্বিক কল্যাণ ও সুরক্ষায় বাল্যবিয়ে, মাদক, শিশুশ্রম, স্কুল ঝরেপড়া, অপুষ্টি, পলিথিন দূরীকরণসহ নানা সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জামালপুরে।
বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ, যা বাস্তবায়ন করছে জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) হাছিনা বেগম বলেন, “বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও ভুয়া জন্মনিবন্ধন এখন বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির অপব্যবহার, অভিভাবকদের অসচেতনতা এবং প্রচলিত আইন না মানার সংস্কৃতি এ সমস্যাকে আরও জটিল করে তুলছে।”
তিনি বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিদ্যালয়—সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায়ই কেবল সামাজিক ব্যাধিগুলো প্রতিরোধ সম্ভব।
জেলা প্রশাসক আরও জানান, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন ও মনিটরিং সেল চালু করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোকেও আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। ফাইভ-জিরো-প্লাস: শিশুবিকাশে নতুন সম্ভাবনা সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম (পিপিএম)।
তিনি বলেন, “ফাইভ-জিরো-প্লাস ধারণাটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এই ধারণা বাস্তবায়নের মাধ্যমে শিশুদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করা সম্ভব।” তিনি মোবাইল ফোনের অপব্যবহার রোধে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন।
শিশুদের শপথ, চারা বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধ সমাবেশের সভাপতি উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা শিক্ষার্থীদের বাল্যবিয়ে ও মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। এতে আরও উপস্থিত ছিলেন—সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার, ইউএনএফপিএ প্রতিনিধি মো. আতাহার আলী, জামালপুর এরিয়া প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়ক সেবাস্টিয়ান পিউরিফিকেশন, এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের ব্যবস্থাপক মিনারা পারভীন এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুহুল আমিন মিলন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম ও উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল। সমাবেশে সাত শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জামালপুর সদর ও ইসলামপুর উপজেলায় ৪৫ হাজার ফলজ চারা বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। সমাপ্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশানিধন কার্যক্রম পরিচালনা করা হয়।





