মৌলভীবাজার শহরে ভাতিজাকে শাসন করতে গিয়ে চড় মারার জেরে বড় ভাইয়ের হাতে তামিম আহমদ (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। ঘাতক বড় ভাই হানিফ মিয়া (৩৫) তার ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের টিবি হাসপাতাল সংলগ্ন সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিম ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর কনিষ্ঠ সন্তান।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত হানিফ মিয়ার ছেলে মিথ্যা কথা বলায় চাচা তামিম তাকে শাসন করে এবং একটি চড় মারে। শিশুটি বিষয়টি তার বাবা হানিফ মিয়াকে জানালে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন। রাগের মাথায় হানিফ তার ছোট ভাই তামিমকে ডেকে নিয়ে শার্টের কলার চেপে ধরেন এবং গলায় ছুরিকাঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।
নিহতের বড় বোন তানিয়া বেগম জানান, ৬ মাস আগে হানিফ আমার আরেক ভাইয়ের হাত কেটে ফেলেছিল। ওই ঘটনায় সে দীর্ঘদিন জেলেও ছিল। আজ আমার ছোট ভাইটাকে মেরেই ফেলল। তামিম খুব ভালো ছেলে ছিল, সে বাবার সঙ্গে ডাব বিক্রিতে সাহায্য করত।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হানিফ মিয়াকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।





