হবিগঞ্জে আদালতে তোলার সময় সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেয়া হয়। ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
ভিড়ের মধ্যে কে বা কারা ডিম নিক্ষেপ করেছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। এ সময় বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে স্লোগান দেন।
এদিকে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।





