মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে টাইম বোমা রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধারের পর নিস্ক্রিয় করেছে র্যাবের ডিস্পোজাল ইউনিট।
মানিকগঞ্জ র্যাব-৪ (সিপিস-৩) এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজকে সকাল ১০টার দিকে আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে বলাকা সংসদ ক্লাবের সামনে মা বুড়ির মেলায় একটি বোমা সাদৃশ বস্তু দেখতে পেয়ে সদর থানা–পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে থানা–পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।
এরপর মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, র্যাব-৪ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন এবং র্যাব ঘটনাস্থলে যায়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বোমার উপস্থিতি বুঝতে পেরে র্যাবের বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেন। ঢাকা থেকে বোমা ডিস্পোজাল ইউনিটের সদস্যরা দুপুর আড়াইটার দিকে বোমাটি উদ্ধার করে এবং অন্যত্র নিয়ে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মোহাম্মদ আরিফ হোসেন আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।





