জেলার খবর
বৃষ্টি উপেক্ষা করে মেলান্দহে আ. আজিজ বাবু প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
Shakib Nahid
• 08 Jul 2026, 11:06 PM
• পঠিত 0 বার
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভায় সাবেক কাউন্সিলর ও হাজরাবাড়ী পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক আব্দুল আজিজ বাবুর উদ্যোগে আয়োজিত ‘আ. আজিজ বাবু প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে উৎসবমুখর পরিবেশে হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুর্বার জুনিয়র ফুটবল একাদশ ও শক্তিশালী সিনিয়র ফুটবল একাদশ। টানা বৃষ্টি উপেক্ষা করেও খেলা দেখতে মাঠে শতশত দর্শকের সমাগম ঘটে।
কেউ মাথায় ছাতা ধরে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই পুরো ম্যাচ উপভোগ করেন। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবের রূপ নেয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মেলান্দহ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন।
উদ্বোধক হিসেবে ছিলেন হাজরাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান শান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজরাবাড়ী পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক ও সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাজরাবাড়ী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুমন হাজারী, সাংগঠনিক সম্পাদক মো. যুবায়ের আহমেদ, ছাত্রবিষয়ক সম্পাদক মুছা মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সদস্য রুবেল মণ্ডল, জুনিয়র দলের টিম ম্যানেজার মো. সজিব মিয়া, সিনিয়র দলের টিম ম্যানেজার সেহেরুজ্জামান সেজুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজক আব্দুল আজিজ বাবু বলেন, বর্তমান সময়ে মাদক, জুয়া এবং অনলাইনভিত্তিক বিভিন্ন ক্ষতিকর আসক্তি যুবসমাজকে বিপথগামী করছে। তরুণদের এসব অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতেই এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





