বরিশালের মা-বাবাকে দুই ছেলে ও পুত্রবধূর মিলে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দুই ছেলে ও পুত্রবধূর মারা ১০০ জুতাপেটা সয়েছেন ওই বৃদ্ধ মা-বাবা। ঘটনাটি বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালবিলা গ্রামের।
আহত মা সরস্বতী মণ্ডল বলেন, পারিবারিক অনৈতিক একটি ঘটনা নিয়ে প্রতিবাদ করায় প্রায়ই মারধর করা হতো তাকে। মারধরের ব্যাপারে ইউপি চেয়ারম্যানের কাছে নালিশ দিলে গত শনিবার সন্ধ্যায় তাকে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে ১০০ জুতাপেটা করে দুই ছেলে অমল মণ্ডল ও শ্যামল মণ্ডল। সঙ্গে ছিল পুত্রবধূ মুক্তা মণ্ডলও। এ সময় স্বামী বিশ্বেশ্বর মণ্ডল ফেরাতে গেলে তাকেও জুতাপেটা করা হয়।
হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল মল্লিক বলেন, দুই ছেলের মারধরের ঘটনায় বৃদ্ধ দম্পতি শনিবার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। পরে দুই ছেলেকে নোটিশ করে শুনানির দিন ধার্য করা হয়। নালিশ দেয়ার ‘অপরাধে’ দুই ছেলে মাকে পিটিয়েছে। খবর পেয়ে সরস্বতী মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হামিন সুলতানা বলেন, ছেলেদের মারধরে মা সরস্বতী মণ্ডল মানসিকভাবে ভেঙে পড়েছেন। হাসপাতালকে তিনি নিরাপদ মনে করছেন। এখান থেকে যেতে চাইছেন না।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, আমি ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।





