Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকির পর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

admin • 05 Nov 2023, 07:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকির পর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি- ধামকির পরে এক কলেজ ছাত্রীর বাড়িতে সপ্তাহের ব্যবধানে দুইবার আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রেমিকের বিরুদ্ধে।

 

শনিবার (৪ নভেম্বর) রাত একটার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামে এঘটনা ঘটে। এতে গোয়ালঘর, ঘরে থাকা দুই রসুন, তিনটা ষাঁড় গুরু পুড়ে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

 

রোববার বিকেলে সরেজমিন গিয়ে দেখা গেছে, গোয়ালঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া একটা গরু বাঁধা রয়েছে। বাড়ির কয়েকটা স্থানে আগুনের চিহৃ। উৎসুক জনতা ভিড় করেছে।

 

এসময় ওই কলেজ ছাত্রীর বাবা বলেন, নন্দনালপুর ইউনিয়নের এলংগী গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সম্রাট শেখ দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পথেঘাটে বিরক্ত করে আসছে। মাঝেমাঝে বিয়ের জন্য বাড়িতে লোক পাঠায়। কিন্তু আমরা বিয়েতে রাজি না হওয়ায় প্রায়ই হুমকি দিত। গেল কয়েকবছর ধরে সম্রাট সৌদিআরবে চলে গেছে। সেখান থেকে সম্রাট নিয়মিত ফোনে আমার মেয়েকে হত্যা ও আমার ঘরবাড়ির জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে।

 

তিনি আরো বলেন, একপর্যায়ে গত শনিবার রাত একটার দিকে আমার গোয়ালঘর, বসতঘরের প্রবেশপথ ও রান্নাঘরে আগুন জ্বলে উঠে। এসময় আমাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে গেছে গোয়ালঘর, গোয়ালঘরে থাকা দুই মণ রসুনের বীজ, সেলোইঞ্জিন ও প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটা ষাঁড় গরু।

 

তাঁরর ভাষ্য, বখাটে সম্রাট বিদেশ থেকে তাঁর লোকজন দিয়ে বাড়িতে আগুন লাগিয়েছে। এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি থানায় মামলা করবেন।

 

কলেজ ছাত্রী বলেন, সম্রাটের সাথে প্রায় চার বছর আগে আমার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বনিবুনা না হওয়ায় দুই বছর আগে সম্পর্ক ভেঙে গেছে। সম্পর্ক ভাঙার পর থেকে পথেঘাটে এসিড নিক্ষেপ, হত্যা ও পুড়িয়ে মারার হুমকি দিচ্ছিল। এনিয়ে কয়েকবার সালিশও হয়েছে। সালিশের পরও সম্রাট আমাকে বিরক্ত করছে। আমি সম্রাটের হাত থেকে বাঁচতে চাই।

 

তবে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে সম্রাটের মা স্বর্ণ খাতুন বলেন, আমার ছেলের সাথে ওই মেয়ের অনেকদিনের সম্পর্ক। আমরা বিয়ের প্রস্তাব নিয়েও ওদের বাড়িতে গিছি। কিন্তু মেয়ের বাবা - মা বিয়েতে রাজি না। কিন্তু আমরা কারো বাড়ি আগুন দিইনি।

 

থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।