জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার আলী (২৯) নামে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার আলী নেত্রকোনার শ্যামগঞ্জ এলাকার আবুল হাদির ছেলে। তিনি মেলান্দহ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দুপুরে আদবাড়িয়া এলাকায় বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কাওসার। সঙ্গে সঙ্গে তিনি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে এক বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন লাইনম্যান মারা গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”





