Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বিচারপতি মানিকের ওপর হামলা: বিএনপি নেতা হারুনসহ তিনজন কারাগারে

admin • 11 Nov 2022, 06:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিচারপতি মানিকের ওপর হামলা: বিএনপি নেতা হারুনসহ তিনজন কারাগারে

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বাকি দু’জন হলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নু।

শুক্রবার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশপাঁচদিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার বিকেলে হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গত ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে হামলার শিকার হন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। অভিযোগ করা হয়, বিএনপির মিছিল থেকে এই হামলা করা হয়েছে। ঘটনার রাতেই দলটির অজ্ঞাত ৫০ নেতাকর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা করেন বিচারপতি মানিকের গানম্যান রফিকুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।