Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাস-ট্রাক সংঘর্ষের পর উল্টে পড়ল সিএনজির ওপর, শিশুসহ নিহত ২

admin • 26 Dec 2023, 04:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাস-ট্রাক সংঘর্ষের পর উল্টে পড়ল সিএনজির ওপর, শিশুসহ নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষের পর বাসটি সিএনজির ওপর উল্টে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ৩ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মধ্য একজন শিশু ও একজন নারী রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম–পরিচয় বিস্তারিত জানা যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনরা আসার পর মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

কালিহাতি ফায়ার সার্ভিসের ইনচার্জ আহসান হাবিব জানান, কালিহাতি থেকে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাক টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কালিহাতি উপজেলার চাটিপাড়া নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। একে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কালিহাতিগামী সিএনজি চালিত অটোরিকশার উপর উল্টে পড়ে। এতে সিএনজিতে থাকা চালকসহ ৫ জন গুরুতর আহত হন।

 

আহসান হাবিব আরও জানান, পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক শিশু ও এক নারীকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে, এ ঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে গাড়ি অপসারণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।