শেরপুরে বালুর ঢিবির (স্তূপ) নিচে লুকিয়ে রাখা ৫২ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) রাতে শেরপুর পৌরসভার দমদমা কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করে সদর থানা-পুলিশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রথম আলো। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, অজ্ঞাত কোনো ব্যবসায়ী অবৈধভাবে ওই এলাকায় চিনি মজুত করে রেখেছেন এমন খবরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় বালুর ঢিবির নিচ থেকে প্রতিটি ৫০ কেজি ওজনের ৫২ বস্তা চিনি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা বস্তায় ২,৬০০ কেজি চিনি আছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, “চিনির দাম বেড়ে যাওয়ায় বেশি মুনাফার লোভে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে কোনো অসাধু ব্যবসায়ী বালুর ঢিবির নিচে চিনির বস্তাগুলো মজুত করে রেখেছিলেন।”
তিনি আরও বলেন, উদ্ধার করা চিনি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।





