Friday, 25 September 2026
শিরোনাম
সারা দেশ

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, সেই কিশোর চালক সংশোধনাগারে

• 24 Sep 2026, 04:37 PM • পঠিত 7 বার
শেয়ার করুন:
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, সেই কিশোর চালক সংশোধনাগারে

রাজধানীর গুলশানের বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণ শ্রমিককে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোর আজান শরীফকে (১৭) গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এদিন কিশোর আজানের পক্ষে অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন জামিনের আবেদন করেন।

 

জামিন আবেদনে বলা হয়, কিশোর আজান গাড়িতে চালকের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী একজন শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন। তাকে হর্ন বাজানো সত্ত্বেও দ্রুত সরে যেতে না পারায় দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়।

 

এতে আরও বলা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে ওই কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পক্ষকে ৯ লাখ টাকা নগদ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে।

 

এর আগে কিশোর আজানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. আরিফীন ইসলাম তাকে আটক রাখার আবেদন করেন।

 

আবেদনে বলা হয়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ঘটনার পরপরই প্রাইভেটকারের ডান পাশের ড্রাইভিং সিট থেকে তদন্তে প্রাপ্ত আইনের সংঘাতে জড়িত শিশু আজান আলী শরীফকে দরজা খুলে বের হতে দেখা যায়। তদন্তকালে ঘটনার সঙ্গে আজান আলী শরীফের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আইনের সংঘাতে জড়িত শিশুকে আটক রাখার আবেদন করা হয়।

 

এদিকে, মেহেদীর মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদির ইসলাম বাদী হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলায় গাড়িটির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়, আসামি আকাশ মারক বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে তার ভাইকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করে মৃত্যু ঘটান।

 

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বারিধারার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত মেহেদী হাসান (২৪) ওই নির্মাণাধীন সাইটের কাছাকাছি ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ডার্ক ব্লু রঙের প্রোটন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান মেহেদী। তার বাড়ি নীলফামারীর ডোমার থানায়।

 

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার পর গাড়ির ডান পাশ বা চালকের আসন থেকেই কালো টি-শার্ট পরিহিত ওই কিশোর নেমে আসে। তার নাম আজান শরীফ। ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও-লেভেলের ছাত্র। আজানের বাবা আব্বাস শরীফ বিমানবাহিনীর ক্যাপ্টেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।