বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচিতে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা আরো ৪দিন বাড়ানো হয়েছে। আগামী বুধবার (১৬ নভেম্বর) পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত জনস্বার্থে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার রোয়াংছড়ি, রুমা, ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। যে কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী বুধবার (১৬ নভেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে, সোমবার (১৭ অক্টোবর) রাত থেকে রুমা ও রোয়াংছড়িতে এবং রোববার (২৩ অক্টোবর) থেকে রোববার (৩০ অক্টোবর) পর্যন্ত থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়। পরে এ চার উপজেলায় (৩১ অক্টোবর) থেকে (১২ নভেম্বর) পর্যন্ত তিন দফায় ১২ দিন নিষেধাজ্ঞা বাড়ানো হয়।
বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এবারো রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটকদের নিরুৎসাহিত করার প্রজ্ঞাপনটি বলবৎ রয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা পাওয়া না গেলে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলাতে (১২ নভেম্বর) পর্যন্ত তা বলবৎ থাকবে।





