বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আকতার হোসেন (৩৮) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে। সোমবার রাত ২টা ৩০ মিনিটে ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুমারী চাককাটা গ্রামে হাতির আক্রমণের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চেীধুরী বলেন, লাশ এখনো লামা সরকারি হাসপাতালে রয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল করার জন্য উপ-পরিদর্শক অলি আহাদ কে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
লামা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শহীদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়েছে। রক্তাক্ত লাশের পিঠে ও গলায় বড় ধরনের ক্ষত চিহ্ন রয়েছে এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতিকুর ইসলাম ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী হাতির আক্রমণে আক্তার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সদর রেঞ্জ কর্মকর্তা বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এছাড়া হাতি ও মানুষের দ্বন্দ নিরসনে বন বিভাগের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে।





