বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে জামালপুরের মেলান্দহ উপজেলায় রাস্তার পাশে যুব সমাজের উদ্যোগে স্বেচ্ছায় ৩শ তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পুঠিয়াপাড়া এলাকার গ্রামীণ সড়কের দুই ধারে স্বেচ্ছায় ৩শ তাল গাছের চার রোপন করা হয়। এর আগে গত তিন বছরে যুব সমাজের উদ্যোগে ওই এলাকায় ৭শ চারা রোপন করেছে যুবসমাজ।
এতে করে এক দিকে যেমন রাস্তাগুলো দৃষ্টি নন্দন হবে, অন্যদিকে স্থানীয়রা এ থেকে নানা সুবিধা ভোগ করতে পারবে। আগামী প্রজন্মের জন্য সুন্দর এক সবুজ পৃথিবী গড়ার লক্ষে তারা ওই এলাকার মশিউর রহমান, নাঈম ,সুমন মাজহারুল, পলিনুর, সোহাগ, সিয়াম,রিয়াজ ও দিনাজ তারা নিজেদের উদ্যোগে এই বৃক্ষ রোপন করে আসছেন।
জাহিদ হাসান নামে ওই এলাকার দঃ খাশিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, যুবকরা সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণ করায় আমরা খুশি। এই গাছগুলো স্থানীয়দের রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। এই গাছগুলো বড় হলে মানুষ বজ্রপাত থেকে রক্ষা পাবে সেই সঙ্গে তাল গাছ থেকে জ্বালানি খড়ি, তাল ও রস পাবে। এর ছায়ায় আমরা বিশ্রাম নিতে পারব, পাখিরা নিরাপদ আশ্রয় পাবে, এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।





