Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বঙ্গবন্ধু বাংলার ইতিহাসে ধ্রুব তারার মতো উজ্জ্বল হয়ে আছেন:স্পিকার

admin • 16 Aug 2023, 10:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধু বাংলার ইতিহাসে ধ্রুব তারার মতো উজ্জ্বল হয়ে আছেন:স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বসভায় বাঙালি জাতিকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

নতুন প্রজন্ম যে উন্নত জীবনের স্বপ্ন দেখছে, যে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, সে পথ বঙ্গবন্ধু প্রস্তুত করে দিয়ে গেছেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু মহাজাগরণের পথিকৃৎ ছিলেন উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ব্যক্তিগত জীবনের সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করেছেন তিনি।

ক্ষমতার প্রতি বঙ্গবন্ধুর কোনো আকর্ষণ ছিল না বলেই তিনি বলতে পেরেছিলেন, 'আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই'। বঙ্গবন্ধু এ দেশকে একটি লাল সবুজের পতাকা, একটি অনন্য সংবিধান এবং জাতীয় সংসদ প্রদান করেছেন।

তিনি আরো বলেন, '৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। বঙ্গবন্ধুর জীবন ও সত্তায় প্রোথিত ছিল দেশপ্রেম। তাই ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের আদর্শ ও দর্শনের সম্মিলিত প্রতিফলন ঘটেছে। তাই এদেশের ইতিহাস জানতে হলে নতুন প্রজন্মকে শেকড়ে ফিরে ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত সংগঠিত সকল সংগ্রাম উপলব্ধি করতে হবে।

'জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, 'বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতার পর ৯ মাসের মধ্যে একটি সংবিধান দিয়েছিলেন। বঙ্গবন্ধুর প্রতিটি কাজের পিছনেই অকাট্য আইনগত ভিত্তি ছিল। '

এসময় জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংসদ সদস্য মহিউদ্দীন খান আলমগীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।