যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে বগুড়ায়। এ উপলক্ষে বুধবার দিবাগত রাত ১২টা ১মিনিটে শহরের খোকনপার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।
১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।





