বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দিনের শুরুতেই সকাল ৭টায় দলীয় কর্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা যুবদলের আয়োজনে শহরের দত্তবাড়ি অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে অসহায় দরিদ্র মানুষের জন্য ফ্রি-মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে ওষুধ বিতরণ, এতিমখানায় শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করা হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় সকালে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, ড্যাব বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, ডা. আসফারুল হাবিব রোজ, ডা. মামুনুর রশিদ মিঠু প্রমুখ।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বিগত দিনে রাজপথে যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ, তিতিক্ষা আর সংগ্রামের পরিচয় দিয়েছেন তা স্মরণে রেখে আজ স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর মুক্ত ও স্বাধীনভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন বৃহৎ পরিসরে করার কথা ছিল।
কিন্তু আমরা চাই এই বাংলাদেশের লাখ লাখ যুবকের আইকন তারেক রহমান যেদিন বীরের বেশে এই বাংলার মাটিতে আসবেন তখনই বৃহৎ আয়োজন হবে।





