বগুড়ায় ১০ বছর পর ডিস ব্যবসায়ী রঞ্জু হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবনকে কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় পাঁচ আসামি বিচারকের সামনে উপস্থিত ছিলেন।
বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল সোমবার (২ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে এই রায় দেন।
আদালতে উপস্থিত থাকা দণ্ডিত আসামিরা হলেন বগুড়া সদরের বানদীঘি এলাকার সিরাজুল ইসলাম, মো. জিন্নাহ, নিশিন্দারা এলাকার আশরাফুল ইসলাম ও ঝোপগাড়ীর মাহফুজার রহমান, আজগর আলী।
আর পলাতক আসামিরা হলেন বানদীঘি এলাকার রাজু শেখ, রিপন শেখ, রিজু শেখ, রাবু শেখ, আইনুল ইসলাম, খয়বর আলী ও বড় কুমিরার একরাম হোসেন।
নিহতের নাম রঞ্জু সরদার। তিনি বগুড়া সদরের বড় কুমিরায় ডিসের ব্যবসায়ী ছিলেন। ২০১২ সালের ৭ জুলাই সকালে তাকে বড় কুমিরায় কুপিয়ে হত্যা করা হয়।
হত্যার ঘটনায় রঞ্জুর বাবা আজাহার আলী সরদার ১৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। সেই মামলায় ২০১৩ সালের ৫ জুন তৎকালীন সদর থানার পরিদর্শক নুরে আলম সিদ্দীকী আদালতে চার্জশিট জমা দেন।
সহকারী সরকারি কৌশুলি (এপিপি) নাছিমুল করিম হলি জানান, মামলার আসামিদের সঙ্গে নিহত রঞ্জুর দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিল। এরই জেরে তাকে হত্যা করা হয়। মামলায় ১৩ জন আসামি ছিল। এর মধ্যে বাদল শেখ নামে এক আসামি মামলা চলাকালে মারা যান। আর বাকি ৭ জন পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলায় বিচারক ১২ জনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। আর পলাতক আসামিরা গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর থেকে তাদের সাজার মেয়াদ শুরু হবে।





