চট্টগ্রামে কিশোর আবদুল্লাহ খুনে জড়িত মা-ছেলেকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হচ্ছে বরগুনার পাথরঘাটা থানার বড়টেংরা বাজার এলাকার মো. ফারুকের ছেলে মো. হাসান ও তার মা হাফিজা বেগম।
তারা ইপিজেড থানাধীন বন্দরটিলার হামিদ আলী টেন্ডল রোড এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার রাতে মা হাফিজাকে ইজিজেড এলাকা থেকে আর ছেলে হাসানকে আনোয়ারা উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে নগরীর মনসুরাবাদে নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার আলী হোসেন জানান, মোবাইল ফোনে ‘ফ্রি ফায়ার গেম’ খেলা নিয়ে দুই বন্ধু হাসান ও আবদুল্লাহর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারিতে রূপ নিলে হাসানের ঘুষিতে আবদুল্লাহর মৃত্যু হয়। সন্তানকে খুনের দায় থেকে বাঁচাতে লাশ গুমের চেষ্টা করেন হাফিজা বেগম।
গোয়েন্দা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ইপিজেড থানার বন্দরটিলা থেকে কিশোর আবদুল্লাহর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তাকে খুন করা হয়েছে নিশ্চিত হয়ে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসাবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে কিশোর হাসান ও তার মা হাফিজাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।





