প্রেম করে বিয়ে করেছিলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের মো. মিজান মোল্যা (২৪)। নয় মাসের মধ্যেই বিবাদে জড়িয়ে সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি।
বুধবার (২১ জুন) বিকেলে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামে এ ঘটনা ঘটে। মিজান মোল্যা রুদ্রবানা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও মিজানের পরিবার জানায়, চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের পর নয় মাস আগে তাকে বিয়ে করেন মিজান। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিচার-সালিশও হয়। দুই মাস আগে স্ত্রী তার বিরুদ্ধে নারী ও শিশু আদালতে নির্যাতন ও যৌতুকের অভিযোগ তুলে মামলা করেন।
এরপর মিজানও বিচ্ছেদ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন। পাল্টাপাল্টি মামলা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সালিশের মাধ্যমে সমাধানের আদেশ দেন আদালত। বুধবার দুপুরে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে উভয়পক্ষের উপস্থিতিতে সালিশ বসে। সেখানে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিয়ে বিচ্ছেদের খুশিতে বাড়ি ফিরে আধা মণ দুধ দিয়ে গোসল করেন মিজান।
মিজান বলেন, বিয়ের তিন মাস পর থেকেই সংসারে অশান্তি বাড়তে থাকে। সে আমার নামে মামলা দিয়ে হয়রানি করতে থাকে। তখন প্রতিজ্ঞা করেছিলাম স্ত্রীর হাত থেকে মুক্তি পেলে আধা মণ দুধ দিয়ে গোসল করবো। সেই প্রতিজ্ঞা পূরণ করলাম।
বানা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাবর আলী বলেন, এই দম্পতি সম্পর্কে চাচাতো ভাইবোন ছিলেন। প্রেমের সম্পর্কের পর নয় মাস আগে তারা পালিয়ে বিয়ে করেন। কিছুদিন পর দুই পরিবার তাদের মেনে নেয়।
কিন্তু এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। বুধবার দুপুরে উভয়পক্ষের সম্মতি ও পরিবারের উপস্থিতিতে তাদের খোলা তালাক হয়। বৃহস্পতিবার তাদের খোলা তালাকের কাগজ আদালতে জমা দেওয়া হবে।





