জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রেমিকার সম্পর্ক না রাখার সিদ্ধান্তে অভিমানে ইদুর নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খেয়ে অন্তর ( ১৫) নামে এক প্রেমিকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার ( ১৮ জুলাই ) বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের মিতালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোর অন্তর গুনারীতলা ইউনিয়নের পূর্ব মোসলেমাবাদ গ্রামের মো. একলাস উদ্দিনের ছেলে। তবে তার মা'র বিবাহ বিচ্ছেদ হওয়ায় শিশুকাল থেকেই তার মামার বাড়ি মিতালি বাজার এলাকায় বেড়ে উঠেছে সে। স্থানীয় খালেকুন নেছা একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল অন্তর। বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ ফারুক।
পরিবার স্থানীয় সুত্রে জানা যায়, সাথী নামে এক সহপাঠীর সাথে অন্তরের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি কিছুদিন আগে তাদের পরিবার অবগত হলে প্রেমিকা সাথী দুদিন আগে অন্তরের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না বলে জানায়।
এতে অন্তর অভিমান করে ঘটনার দিন বিকেলে ইদুর নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। পরে যন্ত্রণা শুরু হলে স্বজনরা তাকে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন,বিষয়টি আমি শুনেছি। নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





