Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিনিরাপত্তা জোরদারে চুক্তি সই

admin • 02 Jan 2024, 10:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিনিরাপত্তা জোরদারে চুক্তি সই

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদার করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

 

তাতে জানানো হয়, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পর্যায়ক্রমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর সেসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম স্থাপনের ব্যবস্থা করবে।

 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মহাপরিচালকরা বক্তব্য দেন।

 

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত তার বক্তব্যে এই গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতার জন্য ফায়ার ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন তার বক্তব্যে বলেন, আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে আজকে যারা প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী তারা। একসময় তাদেরই হাতে থাকবে বাংলাদেশের নেতৃত্ব। প্রধানমন্ত্রী ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেছেন; সেই সময় আজকের প্রাথমিক শিক্ষার্থীরাই দেশের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হবেন। তাদেরকে অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা গেলে বাংলাদেশের নিরাপত্তা বলয় অনেক বেশি নির্ভরযোগ্য ও সুদৃঢ় হবে বলে আমি আশা প্রকাশ করছি।

 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) এস এম আনসারুজ্জামান ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল রেজাউল করিম, পিএসসিসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।