Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন মমতাজ

admin • 12 Jan 2024, 10:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন মমতাজ

সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সদ্য পরাজিত সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তিনি বলেন, আমি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে গেলাম। এর মধ্যে প্রশাসনের প্রতিকার না নিলে আমরা কিন্তু ময়দানে নেমে যাবো।

 

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মমতাজ বলেন, ‘নির্বাচনের পর থেকে বিজয়ী জাহিদ আহমেদ টুলুর কর্মী-সমর্থকরা আমার নৌকার কর্মী-সমর্থকদের ওপর হামলা করছে। আজকেও আমি এসপি (পুলিশ সুপার) সাহেবকে ফোন করেছি, ডিএমপি কমিশনার সাহেবকে ফোন করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকেও অবগত করেছি। আমি দুইটা থানায় ফোন করেছি। আমার মানুষগুলোকে এভাবে মারধর করা হচ্ছে আপনারা কেন কোন প্রতিকার করছেন না। তারা শুধু বলে আপনারা থানায় পাঠান। থানায় পাঠানো হয়েছে, অনেকগুলো জিডিও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা কাউকে ধরে নাই।’

 

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মমতাজ বলেন, আপনারা তাদের মুখোশ উন্মোচন করেন, তাদের অন্যায়টাকে তুলে ধরেন। এরপরেও যদি প্রশাসনিকভাবে কোনো প্রতিকার ২৪ ঘণ্টার মধ্যে আমরা না পাই, তাহলে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ-যারা আওয়ামী লীগের নেতৃত্বে তারা সবাই একসঙ্গে হবো। আমরা একত্রিত হয়ে ওদের মোকাবেলা করবো ইনশাআল্লাহ।

 

মমতাজ আরও বলেন, কী হইলো রে ভাই? এখানে তো জামায়াত-বিএনপি ক্ষমতায় আসে নাই। শেখ হাসিনা ক্ষমতায় আসছে। নৌকার পক্ষে যারা কাজ করছে তাদের ৫০ থেকে ৬০ জন এ পর্যন্ত মার খেয়েছে। এর কোনো প্রতিকার প্রশাসন নিচ্ছে না। কেন নিচ্ছে না, এটা প্রশাসনের কাছে জবাব চাই।

 

আপনারা যারা দলীয় নেতৃবৃন্দ আছেন আপনারা একত্রিত হয়ে যান। আমরা ২৪ ঘণ্টা দেখব কী হয়। এর মধ্যে যদি কোনো প্রতিকার না হয় আমি নিজে এসে আপনাদের সঙ্গে নিয়ে যারা যারা এগুলো করেছে তাদের বাড়িঘর ঘেরাও করবো।

 

এ সময় উপস্থিত ছিলেন- সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসাব বিপ্লব, শামীম হাজারী, হাজী ইউসুফ আলী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।