Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পুলিশের সহযোগিতায় বন্ধ করে দেয়া হয় ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম

admin • 25 Mar 2026, 11:17 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পুলিশের সহযোগিতায় বন্ধ করে দেয়া হয় ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম

মগবাজারের বিশাল সেন্টারে কমদামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে নবীন পাঞ্জাবির শো-রুম বন্ধ করে দেন পাশের কয়েকজন দোকানদার। ঈদুল ফিতরের একদিন আগে অর্থাৎ ২০ মার্চ হওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, পাশের দোকান প্রিন্সের মালিক মাইকেলসহ কয়েকজনও রয়েছেন সেখানে।

 

ভুক্তভোগী নবীন ফ্যাশনের অভিযোগ, পুলিশের সহযোগিতায় দোকান বন্ধ করে দেয় পাশের দোকানদার মাইকেল। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে বন্ধ হওয়া ওই শো-রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন করেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন।

 

এসময় তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দোকানদার মাইকেল প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে প্রভাব খাটান। ঘটনার সময় হাতিরঝিল থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো পুলিশের উপস্থিতিতে দোকান বন্ধ করা হয় বলেও জানান তিনি।

 

ঘটনার পর থেকে একাধিক মোবাইল নাম্বার থেকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে এনামুল হাসান বলেন, ব্যবসা করতে গিয়ে জীবন দিতে চান না তিনি। সমস্যার সমাধান না হলে ব্যবসা বন্ধ করে দেয়ার কথাও বলেন নবীন।

 

এ বিষয়ে জানতে হাতিরঝিল থানার গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে পাওয়া যায়নি। পরে, ওসির সরকারি মোবাইল নাম্বারে কল করলে হাতিরঝিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওই কল রিসিভ করে বলেন, ওসি স্যার ছুটিতে আছেন।

 

এদিকে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কারও দোকান বন্ধ বা খোলা পুলিশের কাজ নয়। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে দায়িত্বশীলদের কাছে জানালে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।