গাজীপুরের শ্রীপুর উপজেলায় পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটি কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মৃত শিক্ষার্থীরা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আরাফাত হোসেন বলেন, আমরা ছয়টি দোতলা বিআরটিসি বাস এবং তিনটি মাইক্রোবাসযোগে ৪৬০ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে রওনা হই। সকাল সাড়ে ৯টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছামাত্র রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে বাসটি বিদ্যুতাুয়ত হয়।
এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন। এরমধ্যে মাহিন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরো দুজন মারা যান।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।





