পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর স্ত্রী সানজিদা বেগম ও শিশু সন্তান আরিয়ান গুরুতর জখম হয়। গতকাল বুধবার রাত ৯টার দিকে কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের সিক্সলেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাইদুর আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির মোল্লার ছেলে। তিনি গত তিন দিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন স্বজনেরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইদুর রহমান মোটরসাইকেলে করে তাঁর স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে পার্শ্ববর্তী উপজেলা আমতলী চলাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সিক্সলেন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মহিষবোঝাই একটি মিনি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত বরিশালে পাঠান। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পৌঁছালে চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।





