Friday, 25 September 2026
শিরোনাম
সারা দেশ

পালকিতে চড়ে বিয়েবাড়ি এলেন বর

• 24 Sep 2026, 05:23 PM • পঠিত 9 বার
শেয়ার করুন:
পালকিতে চড়ে বিয়েবাড়ি এলেন বর

আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার রূপসী রূপ ও আবহমান ঐতিহ্য যখন অনেকটাই বিলুপ্তির পথে, তখন নতুন প্রজন্মকে পুরনো দিনের আবহ মনে করিয়ে দিতে এক ব্যতিক্রমী বরযাত্রার আয়োজন করা হলো ফরিদপুরের আলফাডাঙ্গায়। মাইক্রোবাস বা বিলাসবহুল গাড়ি বাদ দিয়ে লাল কাপড় দিয়ে মোড়ানো ঐতিহ্যবাহী পালকিতে চড়ে কনের বাড়িতে গিয়েছেন বর।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলপুটিয়া গ্রামে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। গ্রামীণ ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে পালকিতে বরযাত্রার আয়োজন করেন বিলপুটিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে বর সাব্বির ইসলাম।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিলপুটিয়া গ্রামের সাব্বির ইসলামের সঙ্গে একই এলাকার সোহরাব মোল্লার মেয়ে স্মৃতি পারভিনের বিয়ে নির্ধারিত হয়। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে ও বাঙালির হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে সাব্বির আধুনিক যানবাহনের বদলে বেছে নেন পালকি। কাঁচা রাস্তার আঁকাবাঁকা পথে পালকি নিয়ে বরযাত্রীদের যাওয়ার দৃশ্য দেখতে রাস্তার পাশে ভিড় জমান উৎসুক গ্রামবাসী।

 

 

ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুই পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বরের চাচা ইমরান মোল্লা জানান, একসময় গ্রামবাংলার বিয়েতে পালকি ছাড়া বরযাত্রার কথা ভাবাই যেত না। কালের বিবর্তনে তা হারিয়ে গেছে। ভাতিজা সাব্বিরের এই উদ্যোগে আমরা এক মুহূর্তের জন্য হলেও পুরনো দিনে ফিরে গিয়েছি।

 

 

এদিকে, কনের বাবা সোহরাব মোল্লা জানান, পালকিতে করে বর আসার পর পুরো বিয়েবাড়িতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আগত অতিথি ও প্রতিবেশীরা পুরনো স্মৃতি মনে করে দারুণ আনন্দ পেয়েছেন।

 

 

বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু জানান, গ্রামবাংলার পুরনো স্মৃতি জাগানো ব্যতিক্রমী এ বরযাত্রা এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছে। তরুণ প্রজন্মের এমন উদ্যোগ গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উৎসাহ যোগাবে।

 

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।