মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক কলহের জের ধরে লাঠি দিয়ে পিটিয়ে উজালা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী শিবলু ভূঁইয়াকে (৩৬) আটক করেছে পুলিশ।
বুধবার রাতে সাটুরিয়ায় উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক শিবলু ভূঁইয়া সাটুরিয়ার বালিয়াটি হাজীপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।
নিহত উজালা আক্তার দুই সন্তানের জননী ও ধামরাইয়ের স্নোটেক্স অটোওয়্যার লিমিটেডের কর্মী ছিলেন। নিহত উজালা আক্তারের দশ বছর বয়সি একটি ছেলে ও আড়াই বছর বয়সি একটি মেয়ে আছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে স্বামী শিবলু ভুইয়ার সঙ্গে স্ত্রী উজালা আক্তারের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ের স্বামী শিবলু ভুইয়া ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর থাকা একটি লাঠি দিয়ে স্ত্রী উজালা আক্তারকে বেধম মারধর করেন। লাঠির আঘাতে উজালা আক্তারের মাথা ও শরীরে গুরুতর আঘাত পান এবং রাতেই ঘরের ভেতর বিনা চিকিৎসায় মারা যান উজালা আক্তার।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, এ ঘটনায় স্বামী শিবলু ভূঁইয়াকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





