Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পরকীয়ার জেরে মাছ ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ৪

admin • 26 Jan 2024, 09:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পরকীয়ার জেরে মাছ ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ৪

কিশোরগঞ্জের মিঠামইনে পরকীয়ার জেরে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল মালেক (৩৬) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) ভোররাত পর্যন্ত আজমিরীগঞ্জ এবং মিঠামইন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হুমায়ুন (৩০), মো. ওসমান মিয়া (৬০), মো. সিরাজ মিয়া (৫৫) ও মো. নাদিফ মিয়া ওরফে নাদিম (২৩)।

 

মিঠামইন থানার ওসি মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মো. আব্দুল মালেকের স্ত্রী সাহেদা বেগমের সঙ্গে একই গ্রামের ও তার স্বামীর নামের নামে নাম আব্দুল মালেকের পরকীয়ার সম্পর্ক ছিল। পরকীয়া প্রেমিক আব্দুল মালেক গ্রামের মো. ওসমান মিয়ার ছেলে। বেশ কিছুদিন ধরে সে সাহেদাকে বিয়ের জন্য চাপ দিলে সাহেদা স্বামীর সংসার ছেড়ে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

 

এর জেরে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে স্থানীয় একটি বাজারে সাহেদাকে পেয়ে পরকীয়া প্রেমিক আব্দুল মালেক তাকে মারপিট করে। স্ত্রীকে মারপিটের বিষয়টি জানতে পেরে স্বামী মো. আব্দুল মালেক প্রতিবাদ করেন এবং আব্দুল মালেকের পরিবারের কাছে নালিশ করেন। কিন্তু আব্দুল মালেকের পরিবারের লোকজন ঘটনার কোন সুরাহা না করে উল্টো মো. আব্দুল মালেককে গালমন্দ করে এবং হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেন।

 

স্থানীয়দের আব্দুল মালেক বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে ওইদিন দুপুরে পরকীয়া প্রেমিক আব্দুল মালেক তার পরিবারের লোকজন ও স্বজনেরা দেশীয় অস্ত্র নিয়ে মো. আব্দুল মালেকের বাড়িতে গিয়ে তাকে মারপিট করে। এতে মালেক গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য অটোরিকশাযোগে নেয়ার পথে অটোরিকশা আটকে হামলাকারীরা পুনরায় মো. আব্দুল মালেককে মারপিট করে। পরে কাটখাল বাজারের পল্লী চিকিৎসক নূরুল আমিনের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. হামিদুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মিঠামইন থানায় ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৯টার দিকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রায়লা গ্রামে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মো. হুমায়ুন ও তার পিতা মো. ওসমান মিয়াকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার (২৬ জানুয়ারি) ভোররাত আড়াইটার দিকে মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের বাহেরচর গ্রামে অভিযান চালিয়ে মো. সিরাজ মিয়া ও মো. নাদিফ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।