Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

admin • 03 Jan 2024, 11:35 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহও। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ৮৯ শতাংশ।

এর আগে, মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আর্দ্রতা ছিলো ছিলো ১০০ শতাংশ।

এদিকে, তাপমাত্রার অবনতি আর অব্যাহত শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে ফের বাড়ছে শীত।

কনকনে শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবিরা। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, "প্রতি বছর শীত মৌসুমে এখানে তাপমাত্রা নিচে নেমে আসে। এবছরও দিনের থেকে রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। আজকে সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা রেকর্ড হয়েছে এখানে। এটাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। এ মাসে তাপমাত্রা ওঠানামা করে মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।