Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

admin • 22 Jun 2026, 06:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামী ২৩ জুনের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বিক্ষোভ সমাবেশ থেকে রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী ঘোষণা দেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের কিছু সুশীল শিক্ষক এখনো আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করছেন। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তবে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এ দেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ আমরা দেব না।’

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘ফজরের নামাজ পড়েই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নেবেন। এ সময় যদি কেউ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারেন, তবে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।