নরসিংদীর পাঁচদোনাতে স্থানীয় রাজনৈতিক কোন্দলের জেরে জুলাই যোদ্ধা মোঃ শাহজালাল মিয়া ছয় মাস ধরে কারাগারে রয়েছেন। তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২টায় নরসিংদী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শাহজালালের প্রতিবেশী আমির হোসেন।
এ সময় লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে আমির হোসেন বলেন, নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার শুক্কুর আলীর ছেলে মোঃ শাহজালাল মিয়া। তিনি একজন দিনমজুর।
এছাড়া তিনি বিগত জুলাই আন্দোলনে অংশ নেন। নরসিংদীর পাঁচদোনাসহ শহরের বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন।
সম্প্রতি এলাকায় বিএনপির দুগ্রুপের কোন্দলে এক পক্ষের ইন্ধনে শাহজালালকে একটি সানো মামলায় জেলে পাঠানো হয়। দীর্ঘদিন জেল খাটার পর জামিন হলেও আরেকটি মামলা দিয়ে জেল গেটে শোন অ্যারেস্ট করা হয়। কিছুদিন পর এই মামলায়ও জামিন হলে থানা পুলিশ তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় আসামি করে পুনরায় জেলহাজতে পাঠায়। একের পর এক মামলা দিয়ে পরিবারটিকে হয়রানি করায় আতঙ্কে দিন কাটছে পরিবারের।
এছাড়া তার স্ত্রী ও ছোট শিশু সন্তানসহ পরিবারের সদস্যরা অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। তাই এই ঘটনার সঙ্গে জড়িত মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম ও প্রতিপক্ষ লাল মিয়া মেম্বারের বিষয়ে সঠিক তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক দাবি এবং শাহজালালের মুক্তি কামনা করছেন পরিবারটি।
অভিযুক্ত মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলাম ঘটনার বিষয় চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।





