নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান (৭০) দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে উপজেলা সদরের বাজার রোডস্থ তার বাসভবনের ভেতরে এই ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও পুলিশ জানায়, সকালে ফজর নামাজ শেষে বাসার ভেতরে হাঁটাহাঁটি করছিলেন হারুন অর রশিদ খান। এসময় তার সাথে দেখা করার উদ্দেশে দুই-তিনজন লোক বাসায় ঢুকে। পরে দর্শনার্থী বেশে আসা দুর্বৃত্তরা হারুন খানকে লক্ষ্য করে পেছেন থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরপর ছোড়া দুই রাউন্ড গুলি হারুন অর রশিদ খানের পিঠে বিদ্ধ হয়। সাথে সাথে তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ থানা-পুলিশ কর্মকর্তা ও দলীয় নেতারা।
এদিকে, গুলিবিদ্ধের খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৮টা থেকে শিবপুর কলেজ গেইট এলাকায় বিক্ষোভ করে চেয়ারম্যানের সমর্থকরা। সকাল ৯টার দিকে কটিয়াদি-শিবপুর-নরসিংদী আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেয় বিক্ষোভাকারীরা।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল বলেন, গুরুতর আহত অবস্থায় হারুন অর রশিদ খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।





