Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

admin • 21 Oct 2023, 08:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এই চিঠি ডিএমপিতে পাঠানো হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তবে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় ডিএমপি কমিশনারের মুখপাত্র (ডিসি মিডিয়া) ফারুক হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপি চিঠি দিয়েছে কি না তা আমার জানা নেই।

এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এরপর মহাযাত্রা কর্মসূচি দেবে দলটি। সমাবেশ উপলক্ষে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনার চেষ্টা করছে বিএনপি।

বিএনপির ২৮ তারিখের সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হবে জানিয়ে ডিএমপির এক কর্মকর্তা বলেন, ২৮ তারিখের সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর নজর রাখছেন তাঁরা।

এর আগে গত ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জনসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরো পাঁচটি দল ও জোট পৃথক সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।