Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নড়াইলে জমি নিয়ে বিরোধে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

admin • 06 Apr 2026, 04:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নড়াইলে জমি নিয়ে বিরোধে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

 নড়াইলের কালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষ্ণপদ আচার্য (৭৩) নামে একজন মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (০৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

 

আহত কৃষ্ণপদ আচার্য ওই গ্রামের মৃত সন্তোষ আচার্যের ছেলে। তিনি আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার রাতে কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন কৃষ্ণপদ আচার্য। পথে ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

  হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা এবং লাঠি দিয়ে হাত ও পায়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।   আহতের স্বজনরা বলেন, স্থানীয় মনসা মন্দিরের জমি ও তাদের পৈতৃক জায়গা নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সাথে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সেই আক্রোশ থেকেই কৃষ্ণপদ আচার্যকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  তিনি বলেন, ‘হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। দোষীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।