Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা, বাদীকে ৫ বছরের কারাদণ্ড

admin • 31 Aug 2022, 11:22 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা, বাদীকে ৫ বছরের কারাদণ্ড
কক্সবাজারে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানি করায় এক নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।   মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে আসামির দায়ের করা পাল্টা মামলায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২–এর বিচারক মো. মশিউর রহমান খান গতকাল সোমবার (২৯ আগস্ট) বিকেলে এই রায় দেন।   দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম রোজিনা আক্তার। তাঁর বাবার নাম হোছন আলী। রোজিনা মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর গ্রামের বাসিন্দা। ওই মামলার আসামি ছিলেন একই এলাকার ইসলাম মিয়ার ছেলে মো. আলী।   রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের বিশেষ কৌঁসুলি সৈয়দ মো. রেজাউর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।       আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালে রোজিনা আক্তার বাদী হয়ে মো. আলীর বিরুদ্ধে মহেশখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। তদন্তে ঘটনার সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।     এরপর মামলা থেকে মো. আলীকে অব্যাহতি দেন বিচারক। পরে মিথ্যা মামলায় হয়রানি ও মানহানি করার অভিযোগে মো. আলী বাদী হয়ে রোজিনার বিরুদ্ধে পাল্টা মামলা করেন।     নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২–এর সিনিয়র বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম বলেন, রোজিনা আক্তার মিথ্যা মামলা দিয়ে মো. আলীকে হয়রানি করেন। এই অভিযোগে ২০১০ সালে রোজিনার বিরুদ্ধে মামলা করেন মো. আলী। ওই মামলায় রায়ে রোজিনাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মিরর/ অনলাইন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।