ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কাটলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দৌলতদিয়া প্রান্তে নদী পারাপারের জন্য তেমন কোনো সিরিয়াল তৈরি হয়নি। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।





