থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
আজ মঙ্গলবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় রওশন এরশাদের সঙ্গে তাঁর ছেলে রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ ও ছেলের স্ত্রী মাহিমা এরশাদও ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান।
তিনি জানান, বিমানবন্দরে পৌঁছালে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রওশন এরশাদকে স্বাগত জানান।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর থেকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। দীর্ঘ আট মাস পর গত ২৭ জুন দেশে ফিরেছিলেন রওশন এরশাদ। এরপর ৫ জুলাই স্বাস্থ্য পরীক্ষার আবারও থাইল্যান্ড যান।





