Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ

admin • 08 Feb 2024, 10:27 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে কয়েকটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণঅভিযোগ দিয়েছেন স্থানীয় পৌর কাউন্সিলর আরিফ হোসেনসহ ভুক্তভোগী পরিবারগুলো।

লিখিত অভিযোগে তারা দাবি করেন, পশু হাসপাতাল সংলগ্ন পৌর সদরের মুন্সিপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি বন্ধ করার চেষ্টা করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এতে জনদূর্ভোগের সৃষ্টি হবে জানিয়ে স্থানীয় বাসিন্দারা প্রাণীসম্পদ কর্মকর্তাকে একাধিকবার অনুরোধ করেছেন। অথচ অনুরোধের তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হলে সেই পথে প্রয়োজনের সময় ফায়ার সার্ভিসের গাড়ী কিংবা কোন ব্যাক্তির মৃত্যুতে মৃতদেহ বের করার মতো জায়গায়ও থাকবেনা।

সরজমিনে গিয়ে দেখা যায়, পূর্বে উপজেলা প্রাণীসম্পদ অফিসের উত্তর পার্শ্বে থাকা একটি পুরোনো ঘরের সীমানা বরাবর পিলারের সাথে কাঁটাতারের বেড়া ছিয়েছিল অফিস কর্তৃপক্ষ। সম্প্রতি স্থায়ী বাউন্ডারী ওয়াল নির্মানের কাজ শুুরু হয়। গত সোমবার (৪ ফেব্রুয়ারী) পূর্বের সীমানা থেকে প্রায় ৩ ফুট রাস্তার দিকে এগিয়ে নির্মানাধীন বাউন্ডারি ওয়ালের বেস ও গ্রেডবিম নির্মাণ করে ঠিকাদার। এতে করে দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি সংকীর্ণ হয়ে গেছে। শুধু হেঁটে পারাপারের মতো পথ রয়েছে সেখানে।

স্থানীয়রা জানায়, সেদিন তাঁরা রাস্তা বন্ধ না করার অনুরোধ করলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাদের পাত্তা না দিয়ে পুলিশ পাহাড়ায় নির্মাণ কাজ করিয়ে নেন। তবে, রাস্তার অংশটি প্রাণীসম্পদ অফিসের জমি বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মুন্সি পাড়ার বাসিন্দা দুলাল ভূইয়া, মহসীন আলী ও সাদেকুজ্জামান হীরা'র বাড়ী থেকে বেরোনোর একমাত্র রাস্তা এটি। এছাড়াও এই রাস্তা দিয়ে চলাচল করে মুন্সিপাড়ার স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ কয়েকশত সাধারণ মানুষ। এবিষয়ে ভুক্তভোগী দুলাল ভুইয়া বলেন, 'আমরা গরীব মানুষ আমাদের কথা কেউ শোনে না। আমার বাড়ী থেকে বের হবার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। তারা (প্রাণিসম্পদ) আগের সীমানায় ওয়াল দিলে এমনটা হতোনা'।

ঐ পথ দিয়ে চলাচলকারী মোঃ সাদেকুজ্জামান হীরা বলেন, 'এই পথ দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ এক হাজারের বেশি মানুষ চলাচল করে। সরকার জনগণের কল্যাণে কাজ করছে, অথচ এখানকার প্রাণীসম্পদ কর্মকর্তা জনগণের চলাচলের পথটি বন্ধ করার পায়তারা করছেন'।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ সারাবনতহুরাকে অফিসে না পেয়ে মুঠোফোনে কল দিলে রুক্ষস্বরে তিনি বলেন, 'আমি এ বিষয়ে কথা বলতে চাইনা, ওটা মিটে গেছে' বলেই কল কেটে দেন তিনি।

পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আর কতটা জায়গা ছেড়ে দিবো, হেঁটে চলার মতো জায়গা ছেড়ে দেয়া হয়েছে'।

এবিষয়ে দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু বলেন, "মানবিক দিক বিবেচনায় রাস্তাটি বন্ধ না করে কিছুটা জায়গা ছেড়ে দেবার অনুরোধ করেছি প্রাণিসম্পদ কর্মকর্তাদের।"

অভিযোগের কথা নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম বলেন, "বিষয়টি শুনেছি। সেখানে হেঁটে চলাচল করার মতো জায়গা ছেড়ে দেয়া আছে। বাড়তি জায়গা ছেড়ে দেয়া না দেয়া প্রাণিসম্পদের নিজস্ব বিষয়।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।