পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচন বিরোধী প্রচারণা চালানোর সময় উপজেলা জামায়াতের আমির মোঃ আবুল বাশার বসুনিয়া (৪৩) কে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার টেপ্রীগঞ্জ বাজার থেকে গ্ৰেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশ। গ্ৰেপ্তার আবুল বাশার বসুনিয়া উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী এলাকার গাজীউর রহমান বসুনিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, টেপ্রীগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচন বিরোধী প্রচারণা চালাচ্ছেন উপজেলা জামাতের আমির। এমন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্ৰেপ্তার করা হয়।
এদিকে নির্বাচন বিরোধী প্রচারণার কথা অস্বীকার করে উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আব্দুল হালিম বলেন, "আমার জানামতে আজকে আমাদের লিফলেট বিতরণের কোন কার্যক্রম ছিলো না। একটি জানাজার নামাজ শেষে ফেরার পথে তাকে গ্ৰেপ্তার করা হয়েছে।"
উপজেলা জামায়াতের আমিরকে গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "তাকে পুরনো মামলায় গ্ৰেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।"





