দীর্ঘ দেড় দশক পর আগামীকাল পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেবীগঞ্জ পৌরসভার ঐতিহাসিক দেবদারু তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনকে সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সম্মেলনস্থলের চারপাশ। শেষ সময়ে জোরেশোরে চলছে মঞ্চ তৈরি সহ অন্যান্য প্রস্তুতি।
দলীয় সূত্রে জানা গেছে, দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আইয়ুব আলী এবং বর্তমান সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, চিলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তৌকির আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব প্রেমাশিষ রায়, দেবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির নেতা-কর্মীরা আশা করছেন, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠিত হবে এবং দল আরও সুসংগঠিত হয়ে ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।





