রাজশাহীতে দুই হাতে দুটি পিস্তল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ সময় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, তাকে রাজশাহী কলেজের শিক্ষার্থী ও শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। এই রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলে পুলিশ। পরে সাকিব আনজুম হত্যা মামলায় তার রিমান্ড চাওয়া হয়।
এর আগে, গত রোববার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে ফের আদালতে হাজির করলে বিচারক দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমীন।
তিনি বলেন, রুবেলের বিরুদ্ধে এরই মধ্যে চারটি মামলা হয়েছে। এরমধ্যে দুটি হত্যা মামলা। গত রোববার একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়েছিল। আজ অপর হত্যা মামলায় সাত দিনের রিমান্ড দেওয়া হলো।





