রাজবাড়ীর গোয়ালন্দে দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দুটি দোকান ভেঙে খাদে পড়ে গেছে। এতে অল্পতে প্রাণে রক্ষা পেয়েছেন বাসের ৪২ যাত্রী। গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি ঢাকা যাচ্ছিল।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জমিদার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিগন্ত পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৪০) গোপালগঞ্জ থেকে ৪২ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জমিদার ব্রিজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় রাস্তার পাশে থাকা মুদি ও ওষুধের দোকান ভেঙে নিয়ে বাস খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, দিগন্ত পরিবহনের বাসটির গতি বেশি ছিল। দুর্ঘটনায় বাসের ৪২ জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।





