দিনাজপুরের কাহারোলে মধ্যরাতে ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে থাকা ধান ও ট্রাকের কেবিন পুড়ে গেছে।
রবিবার রাত ২টার দিকে উপজেলার কাহারোল-বীরগঞ্জ আঞ্চলিক সড়কের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত ২টার দিকে ধানবোঝাই একটি ট্রাক পঞ্চগড় থেকে বিরলের দিকে যাচ্ছিল।
পথে ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকে থাকা ধান ও সামনের কেবিন পুড়ে গেছে।
ট্রাকের চালক লিটন রেজা জানান, পঞ্চগড় থেকে ধানবোঝাই ট্রাক নিয়ে বিরল উপজেলার রূপালি রাইস মিলে যাচ্ছিলেন।
পথে বীরগঞ্জ-কাহারোল পাকা রাস্তায় অতর্কিতভাবে মোটরসাইকেল নিয়ে এসে সাতজন ব্যক্তি ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।





