‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীর। শনিবার বিকালে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে টিজারটি প্রকাশ করা হয়, যেখানে বুবলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
টিজার প্রকাশনা অনুষ্ঠান শেষে বুবলী কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে। সেখানে উঠে এসেছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের প্রসঙ্গ। বুবলী জানিয়েছেন, তার কাজে সব সময় শাকিব খানের শুভকামনা ও ভালোবাসা থাকে।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম টালিউড ফোকাস কলকাতা বুবলীর কাছে জানতে চায়— কলকাতায় প্রথম সিনেমায় অভিনয়ের আগে শাকিব থেকে কোনো পরামর্শ বা উপদেশ তিনি নিয়েছেন কিনা?
এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আসলে তার শুভকামনা ও ভালোবাসা অবশ্যই সব সময় থাকে। কারণ ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরে। তার মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন-শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তার সঙ্গেই তো কাজ করেছি, আর এখন তো পরিবারের অংশ। তাই সেখান থেকে শুভকামনা ও ভালোবাসা সব সময়ই থাকে।’
শাকিব খান সিনেমার পোস্টার আর টিজার দেখেছেন প্রশ্নে বুবলীর উত্তর, ‘টিজার তো মাত্রই রিলিজ হলো, তিনি পোস্টার দেখেছেন এবং তিনি ভীষণই পজিটিভ, উনি কাজের ব্যাপারে সব সময় ইতিবাচক থাকেন।’





