Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ঢাকা পোস্টের সম্পাদকের বিরুদ্ধে মামলায় বেরোবিসাসের উদ্বেগ প্রকাশ

admin • 17 Jan 2023, 08:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা পোস্টের সম্পাদকের বিরুদ্ধে মামলায় বেরোবিসাসের উদ্বেগ প্রকাশ

সংবাদ প্রকাশের জেরে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্টডটকম-এর সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের বিরুদ্ধে গাইবান্ধায় হয়রানিমূলক, মিথ্যা চাঁদাবাজি ও আইসিটি আইনে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেরোবিসাস সভাপতি সৌম্য সরকার ও সাধারণ সম্পাদক ইভান চৌধুরী এক বিবৃতিতে অবিলম্বে এ হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বেরোবিসাস দপ্তর সম্পাদক মাহমুদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ প্রকাশের জেরে মামলা দায়েরের ঘটনাকে হয়রানিমূলক আখ্যা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ প্রকাশের জেরে গত ৮ জানুয়ারি ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে মিথ্যা মামলা করেন চেয়ারম্যান মোসাব্বির। এই ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং গণমাধ্যমের কণ্ঠরোধের ঘৃণ্য অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকরা যখন সোচ্চার ঠিক তখন সরকারের বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি, অনিয়ম ও অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওই চক্রটির কর্মকাণ্ড সরকারের স্বাধীন সংবাদমাধ্যম নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।

সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীন দেশে গণমাধ্যমের ওপর এমন হয়রানি ও দমনপীড়নের অপচেষ্টা বন্ধ না হলে সাংবাদিক সমাজ রুখে দাঁড়াতে বাধ্য হবে।

প্রসঙ্গত, গত বছরের ১৬ নভেম্বর ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। সংবাদটির জেরে গত ৮ জানুয়ারি ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে গাইবান্ধায় হয়রানিমূলক, মিথ্যা চাঁদাবাজি ও আইসিটি আইনে মামলা করেন চেয়ারম্যান মোসাব্বির।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।