Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টিএসসিতে নারীর দিকে তেড়ে আসা তরুণ হত্যা মামলার আসামি

admin • 27 Feb 2026, 04:04 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টিএসসিতে নারীর দিকে তেড়ে আসা তরুণ হত্যা মামলার আসামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে আসা তরুণের পরিচয় মিলেছে। তার নাম মো. রাকিব। তিনি গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দায়ের হওয়া একটি হত্যা মামলার প্রধান আসামি।

বুধবার ভোরে টিএসসি এলাকায় ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দুই নারীর একজনের দিকে লাঠি হাতে তেড়ে যাচ্ছেন রাকিব। ওই নারী কাঁদতে কাঁদতে বিচার চান। তিনি বলেন, পুরান ঢাকায় সাহ্‌রি খেয়ে টিএসসিতে এসেছেন। একপর্যায়ে ভিডিওতে দুই নারীকে হেনস্তার দৃশ্যও দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাকিব কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহপাঠীদের কাছে তিনি আহমেদ রাকিব নামে পরিচিত। একই হত্যা মামলায় তার যমজ ভাই মো. সাকিবও আসামি। মামলার পর থেকে দুজনই পলাতক।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর কালিয়াকৈরের সফিপুর পশ্চিমপাড়া এলাকায় সাব্বির হোসেন নামের এক তরুণকে কুপিয়ে ১০তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয় রাকিব ও তার ভাই সাকিবকে। ঘটনার পর আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন রাকিব, সাকিব ও সাব্বির একসঙ্গে একটি জিমে যান। সেখান থেকে বের হয়ে তারা রাকিব-সাকিবদের বাসা ইউনিক টাওয়ারের ছাদে ওঠেন। তাদের সঙ্গে স্থানীয় দুই কিশোরও ছিল। একপর্যায়ে ওই দুই কিশোরকে মুড়ি কিনতে পাঠানো হয়। পরে তারা ফিরে এসে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে পড়ে থাকতে দেখে। ছাদে গিয়ে তারা কাটা নখ ও রক্তমাখা একটি অস্ত্র পড়ে থাকতে দেখেছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় সাব্বিরের বড় ভাই মো. মহিউদ্দিন আবির বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে মামলাটি কালিয়াকৈর থানা থেকে গাজীপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাদী মহিউদ্দিন আবির বলেন, গোয়েন্দা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে পাঁচ থেকে ছয় মাস আগে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে। তবে এখনও আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। বিভিন্ন সময়ে আসামিদের প্রকাশ্যে দেখা গেলেও পুলিশ তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, মামলাটি ডিবি পুলিশ তদন্ত করেছে। গ্রেপ্তারের দায়িত্বও তাদের। আদালত থেকে পরোয়ানা জারি হলে থানা পুলিশ ব্যবস্থা নেবে।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসমত উল্লাহ বলেন, দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে এখন তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।