টাঙ্গাইল শহর আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বোয়ালী নিজ বাসার তৃতীয় তলা থেকে এশার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মির্জা আফরোজ এশা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের লতিফ মির্জার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নিজ বাসায় রুমের ভেতর এশার মির্জার ছেলের কান্না শুনতে পায় তনিমা আক্তার নামের এক নারী। পরে আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধারের কাজ শুরু করে।
এবিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, আলোচিত ধর্ষণ মামলার বাদি মির্জা আফরোজ এশা তার তিনতলা বাসায় নিজের রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, নিহত মির্জা আফরোজ এশা টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা বাদী।





